আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত সোমবার রাতে রাজধানীর বারিধারায় দলটির ঢাকা মহানগরী উত্তরের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কার্যালয় উদ্বোধনের কথা জানানো হয়।
শফিকুর রহমান বলেন, ‘আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট। দীর্ঘদিন চাষাবাদের পর ফসল ঘরে তোলার সময়। তাই ইসলামি আন্দোলনের কর্মীদের পক্ষে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই বরং সর্বোচ্চ কোরবানির মাধ্যমে দ্বীন বিজয়ের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘দেশে যেমন গণজোয়ারের আভাস পাওয়া যাচ্ছে, ঠিক তেমনিভাবে প্রবাসী ভাই-বোনদের মধ্যে দেখা যাচ্ছে নতুন উচ্ছ্বাস। তারা প্রত্যাশার চেয়েও বেশিকিছু করতে প্রস্তুত রয়েছেন। তাই দেশে ইসলামি আন্দোলনের জন্য যেমন নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে, ঠিক তেমনিভাবে চ্যালেঞ্জও কম নয়। তাই ইসলামি আন্দোলনের কর্মীদের অতি সন্তর্পণেই অগ্রসর হতে হবে।’
আগামী নির্বাচনে সারা দেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ময়দানে সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান জামায়াতের আমির।
এ সময় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ঢাকা মহানগরী উত্তরের নতুন অফিস আগামী প্রজন্মের ইসলামি আন্দোলনের প্রাণকেন্দ্র ও সূতিকাগারে পরিণত হবে।’
শফিকুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরী বিভক্তির পর ২০১৭ সাল থেকে মহানগরী উত্তর জামায়াত ঠিকানাহীন ছিল। কিন্তু বারিধারায় নতুন অফিস প্রতিষ্ঠার মাধ্যমে সে শূন্যতা পূরণ হলো। মূলত, মহানগরী উত্তর জামায়াতের এ নতুন কার্যালয় শুধুমাত্র সংগঠনের জন্য নয় বরং পুরো মহানগরীর মানুষের জন্য রহমত ও বারাকাহ যরিয়া হবে ইনশাআল্লাহ। তিনি নতুন অফিসকে প্রেরণার উৎস হিসেবে বিবেচনায় নিয়ে আগামী দিনের ময়দানে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাই।’
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।
