তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কি না রায় কাল 

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের পরিপ্রেক্ষিতে উদ্ভুত আপিলের ওপর এ রায় দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় এ সংক্রান্ত আপিল মামলাটি রায়ের জন্য ১ নম্বর ক্রমিকে রয়েছে। গত ১১ নভেম্বর এ সংক্রান্তে শুনানি শেষে রায়ের জন্য ২০ নভেম্বর ধার্য করেছিল সর্বোচ্চ আদালত। 

২০১০ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দিয়েছিলেন তখনকার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। তখন আপিল বিভাগের সাতজন বিচারপতির মধ্যে তিনিসহ চারজন বিচারপতির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ রায় হয়। তবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই পরের বছর তখনকার আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। 

গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গত ২৫ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পক্ষে সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন। এরপর পৃথক সময়ে একই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নওগাঁর রানীনগরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন এ আপিল মামলায় পক্ষভ‚ক্ত হন। রিভিউ আবেদনের ওপর গত ২৭ আগস্ট শুনানি শুরু হয়। ওইদিন রিভিউ না কি আপিলের ওপর শুনানি হবে, সেবিষয়ে আইনজীবীদের বক্তব্য নিয়ে আপিলের অনুমতি মঞ্জুর করে আপিল শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। পরে ২৬ আগস্ট এ আপিলের ওপর শুনানি শুরু হয়। 

১৯৯৬ সালের ২৭ মার্চ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে তখনকার বিএনপি সরকার। এ সংশোধনীর বৈধতা প্রশ্নে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট আবেদন করেন এম সলিম উল্লাহসহ তিন আইনজীবী। প্রাথমিক শুনানি নিয়ে রুল দেয় হাইকোর্ট। ২০০৪ সালের ৪ আগস্ট রুলের চ‚ড়ান্ত শুনানি নিয়ে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল বিভাগে আপিল করে রিটকারীপক্ষ। 

২০১০ সালের ১ মার্চ আপিলের ওপর শুনানি শুরু হয়। অ্যামিকাস কিউরি হিসেবে ৮ জন জ্যেষ্ঠ আইনজীবী শুনানিতে তত্ত্বাবধায়ক পদ্ধতির পক্ষে মত দেন। ওই বছরের ১০ মে আপিল মঞ্জুর করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। তবে, রায়ের দিন আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে অভিমত দেন বিচারপতি খায়রুল হক। যদিও পূর্ণাঙ্গ রায়ে সেই পর্যবেক্ষণ ছিল না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই ২০১১ সালের ৩০ জুন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী প্রস্তাব পাশ করিয়ে নেয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত