পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, কোরআন ও খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কর্মকা-ের মাধ্যমে পালিত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। তবে এবারের জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা ও বর্ণাঢ্য আয়োজন এবং সভা-সমাবেশ হয়নি। কারণ কয়েক দিন আগেই বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়, তারেক রহমানের এবারের জন্মদিনে কোনো বড় অনুষ্ঠান, আলোচনা সভা, কেক কেটে শুভেচ্ছা আদান-প্রদান, পোস্টার কিংবা ব্যানার প্রদর্শন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সব ইউনিটের নেতাদের এই নির্দেশনা দেওয়া হয়। এমন নির্দেশনার পর আড়ম্বরপূর্ণ আয়োজনের পরিবর্তে দেশের বিভিন্ন স্থানে মানবিক-সামাজিক কর্মকা- এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেছেন নেতাকর্মীরা।
ড্যাবের উদ্যোগে দোয়া মাহফিল : বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, গরিবের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেড্যাব। গতকাল শেরপুর জেলায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব ডা. খালেকুজ্জামান দীপু ও বিএনপি ঘোষিত এমপি প্রার্থী ডা. সানসিলা জেবরীন প্রিয়াঙ্কাসহ স্থানীয়রা।
এ ছাড়া গতকাল রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দক্ষিণ বেগুনবাড়ী জামে মসজিদ ও এতিমখানায় ড্যাবের উদ্যোগে দোয়া এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, প্রথম যুগ্ম মহাসচিব ডা. শাহ্ মুহাম্মদ আমানুল্লাহ মেহেদীসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সারা দেশে ড্যাবের বিভিন্ন শাখার উদ্যোগে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দোয়া এবং উন্নতমানের খাবার পরিবেশন করা হয় ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনগণের মধ্যে বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়।
জেডআরএফের উদ্যোগে দোয়া মাহফিল : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করে জেডআরএফ। গতকাল বাদ এশা রাজধানীর উত্তরায় বায়তুল আমান জামে মসজিদে এই অনুষ্ঠান হয়। এতে জেডআরএফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬১টি কোরআন বিতরণ : জন্মদিন উপলক্ষে খতমে কোরআন, দোয়া, মিলাদ ও পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে ছাত্রদল। গতকাল রাজধানীর আজিমপুরের হযরত ইবনে মাসউদ (রা.) হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক নিজ উদ্যোগে ৬১ জন গরিব এবং এতিম শিক্ষার্থীর মধ্যে ৬১টি পবিত্র কোরআন শরিফ উপহার দেন। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ এবং জাতির কল্যাণ কামনায় কোরআন খতম, বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রায় ১৩০ জন শিক্ষার্থী ও অতিথির জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। ছাত্রদল নেতা তারিক নিজে পুরো আয়োজনটি তদারকি করেন এবং শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেন।
ভিক্টোরিয়া পার্কে ছাত্রদলের ‘সাপ্তাহিক স্কুল’ : রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-সংলগ্ন বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয় ‘সাপ্তাহিক স্কুল’ শুরু করেছে ছাত্রদল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এই শিক্ষালয় উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। জানা যায়, বাহাদুর শাহ পার্কে ও এর আশপাশে যেসব সুবিধাবঞ্চিত পথশিশু থাকে, তাদের প্রাথমিক শিক্ষা এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগ। প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার সকাল ৯টায় শিশুদের ক্লাস নেওয়া হবে। এ কারণে জবি শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন স্থায়ী শিক্ষক রাখা হয়েছে। নতুন বই পেয়ে এই শিশুরা জ্ঞান অর্জনে আগ্রহী এবং মানুষের মতো মানুষ হবে বলে প্রত্যাশা তাদের।
জন্মদিন উপলক্ষে ঢাকার সলিমুল্লাহ এতিমখানায় বিশেষ দোয়া ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। দুই শতাধিক এতিমের মধ্যে খাবার বিতরণ ও এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও জিয়া পরিবারের সামগ্রিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
