ভূমিকম্পে ‘হেলে পড়েছে’ সাবেক মেয়রের ভবন

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৮ এএম

চট্টগ্রামে ভূমিকম্পের ঝাঁকুনিতে ডবলমুরিং থানার মনছুরাবাদ মিয়াবাড়ি সড়কের একটি ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে। জানা গেছে, ‘হেলে পড়া’ সাততলা ওই ভবনটি সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের মালিকানাধীন।

গতকাল শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭; উৎপত্তিস্থল ছিল ঢাকার পাশে নরসিংদীর মাধবদীতে।

ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘স্থানীয়দের ভাষ্য, সাবেক সিটি মেয়র মনজুর আলমের মালিকানাধীন সাততলা ভবনটি ভূমিকম্পে পাশের ভবনের দিকে হেলে পড়েছে। খবর পেয়ে আমরা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়েছিলাম। কেউ কেউ বলছে ভবনটি আগে থেকেই হেলানো ছিল। আবার কেউ বলছে ভূমিকম্পে হেলে গেছে।’

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ বলছে, সাততলা ওই ভবনে ১০টি পরিবার বসবাস করে। ভবনের নিচতলায় ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষার একটি কেয়ার সেন্টার রয়েছে।

ফায়ার সার্ভিসও জানিয়েছে, ভবনটি আগে থেকেই হেলানো ছিল বলে অনেকেই বলছে। ভূমিকম্পে সেটি আরেকটু হেলে গেছে।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে দেশের তিন জেলায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। ভূমিকম্পে রাজধানী ঢাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও চট্টগ্রাম নগরীতে তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত