দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ নারী নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

দিনাজপুর সদর উপজেলায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বেপরোয়া একটি বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের চার নারী নিহত হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের কুতৈর গ্রামের মার্জিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫), দিনাজপুর সদর শহরের উপশহর ৮নং ব্লকের শিমু আক্তার (৩৮), আরেকজন নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী ওয়াকা পরিবহনের একটি মেইল বাস (নারায়ণগঞ্জ জ-০৪-০১৮৬) বেপরোয়া গতিতে আসছিল। একই সময়ে কমলপুর থেকে নয়জন যাত্রী নিয়ে কান্তনগর মেলার উদ্দেশ্যে যাওয়া একটি ইজিবাইকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে বাসচালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা দিনাজপুর-দশমাইল মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। নিহতদের মরদেহ পুলিশ ও হাসপাতালে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত