গাজীপুরের শ্রীপুরের শীর্ষ মাদক কারবারি মোমেন মোড়লকে আটক করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজারের একটি গ্যারেজ থেকে তাকে আটক করা হয়।
আটক মোমেন মোড়ল রাজাবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের চিনাশুখানিয়া গ্রামের মৃত মোন্তাজ মোড়লের ছেলে। তিনি রাজাবাড়ি ইউনিয়নের প্রকাশিত তালিকার এক নম্বর মাদক কারবারি। এলাকার মাদক কারবারিদের ৩৫ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে চিনাশুখানিয়া গ্রামের মানিকের ব্রিজ এলাকা থেকে একবার মোমেন মোড়ল গ্রেপ্তার হলে তার অনুসারীরা মব সৃষ্টি করে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর পুলিশ তাকে ধরতে নানা সময় অভিযানে নামে।
স্থানীয়রা জানান, মোমেনের অন্তত ২০/২৫ জন সহযোগী আছে, যারা মাদকের হোল সেল নিয়ন্ত্রণ করেন। বিগত আ. লীগ সরকারের আমলে শীর্ষ নেতাদের ম্যানেজ করে তার মাদক সমরাজ্য তৈরি করেন। এখন ভোল পাল্টে নতুন রাজনৈতিক প্রটেকশন নিয়ে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখন তার শতাধিক মাদক সেবনকারী অনুসারী ও ডিলার রয়েছে।
শ্রীপুর মডেল থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত শীর্ষ পর্যায়ের মাদক কারবারি মোমেন মোড়লকে আটক করা হয়েছে। আটকের পর দ্রুত তাকে থানায় নিয়ে আসা হয়।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য অ্যাডভোকেট জেমি আক্তার বলেন, চিহ্নিত মাদক কারবারি মোমেন মোড়লকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। এর আগেও একবার চিনাশুখানিয়া গ্রামের মানিক ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
