প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ

হাসিনা-জয়-পুতুলের তিন মামলার রায় ২৭ নভেম্বর

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:১৮ এএম

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় রায় জানা যাবে ২৭ নভেম্বর। যুক্তিতর্কের শুনানি শেষে গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য খোরশেদ আলম কারাগারে আছেন। তবে, অন্য আসামিরা পলাতক থাকায় তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদ-ের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ ছাড়া কয়েক মাস আগে আদালত অবমাননার একটি মামলায় একই আদালতে শেখ হাসিনার ছয় মাসের কারাদন্ডের রায় হয়।

গত ১৭ নভেম্বর পৃথক তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত। গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। তিন মামলার একটিতে শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পূরবী গোলদারসহ ১২ জন, একটিতে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং আরেকটিতে শেখ হাসিনা ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিন প্রমুখ।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে ছয়টি পৃথক মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে, পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের পাশে ছয়টি প্লট বরাদ্দ নেন। গত ২০ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ ও ঢাকার বিশেষ জজ আদালত-৫ আদালতে তিনটি করে ছয়টি মামলা বিচারের জন্য পাঠায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত। অন্য তিনটি মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ বিচারক রবিউল ইসলাম যুক্তিতর্কের জন্য ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত