ফেনীর পরশুরামে ভারত সীমান্তবর্তী গুথুমা এলাকায় বাঁশের খাঁচায় বন্দি ৯০টি শালিক উদ্ধার করেছে বিজিবি।
বাঁশের খাঁচায় ৯০টি শালিক পাখি নিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন এক যুবক।
দেখতে পেয়ে টহলরত বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দেন। খাঁচাবন্দি পাখিগুলো ফেলে রেখে ভারতে পালিয়ে যান ওই যুবক। পরে বিজিবি পাখিগুলো অবমুক্ত করে।
সোমবার দুপুরে বিজিবি–৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন পাখিগুলো উদ্ধারের পর অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, পাখির খাঁচা নিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন এক যুবক। দেখতে পেয়ে টহলরত বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিলে তিনি খাঁচাবন্দি পাখিগুলো রেখে পালিয়ে যান। পরে বিজিবি পাখিগুলো অবমুক্ত করে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গাদাগাদি ভিড়ে ক্লান্ত, নিস্তেজ ও ভীত ছোট ছোট শালিক পাখিগুলো নিঃশব্দেই যেন সাহায্য চাইছিল। টহল দলের সদস্যরা এক মুহূর্ত দেরি করেননি।
সাবধানে ঝুড়ি খুলে পাখিগুলো বের করে একে একে ছেড়ে দেন খোলা আকাশে। সেই উড়ে যাওয়ার মুহূর্তটি যেন সীমান্তের বাতাসে নতুন প্রাণ ফিরিয়ে দেয়।
তিনি আরও বলেন, এটি কোনো বড় অভিযান ছিল না—ছিল হৃদয়ের টান ও দায়িত্ববোধের প্রকাশ। সীমান্তের কঠোরতার ভেতরেও বিজিবি বারবার প্রমাণ করে, নিরাপত্তার পাশাপাশি মানবিকতাও তাদের দায়িত্বের অংশ।
