গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গাজীপুর মহানগরীর মধ্য ভোরা এলাকায় সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুল রশিদ ও পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম।
আটক ছিনতাইকারী মো. আব্রাহাম (১৯) গাজীপুর মহানগরীর ঘোড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গাজীপুর সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ ও পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম সোমবার দিবাগত রাতে মহানগরীর মধ্য ভোড়া এলাকায় একটি অভিযানে যান। পথে একদল ছিনতাইকারী তাদের ওপর হামলা করে। এক পর্যায়ে তারা দুই পুলিশ সদস্যকে ছরিকাঘাত করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুকর আহত দুই পুলিশ সদস্যকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য আব্রাহামকে আটক করে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্য আব্দুর রশিদের কপালে ও ঠোঁটে আঘাতপ্রাপ্ত হন। আঘাতস্থলে সেলাই করতে হয়েছে। এছাড়াও তার হাঁটুতেও আঘাত পেয়েছেন। অপর পুলিশ সদস্য সাইফুল ইসলাম মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সঙ্গাহীন হয়ে পড়েছিলেন। তার দুটি দাঁত ভেঙে গেছে, ঠোঁটে এবং চোখে আঘাত চিহ্ন রয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
