৯ম পে স্কেল, মাইলেজ ও পদোন্নতি জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মীসভা করেছে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক–কর্মচারীরা।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় পার্বতীপুর রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক–কর্মচারী ইউনিয়ন কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রেলওয়ে পার্ক, পার্বতীপুর রেল স্টেশনের পাঁচটি প্ল্যাটফর্ম প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে বেলা ১২টায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক–কর্মচারী ইউনিয়নের চত্বরে পশ্চিমাঞ্চলীয় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
প্রধান অতিথি বলেন, ‘আর কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়। আগামী ডিসেম্বরের মধ্যে পে স্কেল, মাইলেজ ও পদোন্নতির বিষয়টি নিশ্চিত না হলে ডিসেম্বর থেকেই কর্মবিরতি ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
পার্বতীপুর শাখা সংগঠনের সভাপতি সাইফুল আজমের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরএসকেইউ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার রবি দাস, পার্বতীপুর শাখার কার্যকরী সভাপতি বিএম শহিদুল আলম (রানা), পার্বতীপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম টিপু, গার্ড কাউন্সিল পার্বতীপুর শাখার সভাপতি তৌফিক হোসেন ও সাধারণ সম্পাদক আবু হেনা প্রমুখ।
আয়োজিত কর্মীসভায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রাজবাড়ী, ঈশ্বরদী, সান্তাহার, বোনারপাড়া ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
