বাংলাদেশ ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে রহমতগঞ্জ। তৃতীয় রাউন্ডে দুই জয়ে সাত পয়েন্ট নিয়ে পুরান ঢাকার দলটি এখন বসুন্ধরা কিংসের সঙ্গে যৌথভাবে শীর্ষে। মুন্সীগঞ্জে প্রথমার্ধের ২০ মিনিটে আবু ক্লেমেন্তের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ২০ মিনিটে পিডব্লিউডিকে ম্যাচে ফেরান দুখু মিয়া। তবে ৮৯ মিনিটে মেহেদী হাসান রয়্যাল গোল করে রহমতগঞ্জের জয় নিশ্চিত করেন।
ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে ড্র করে লিগ শুরু করেছিল কামাল বাবুর দল রহমতগঞ্জ। দ্বিতীয় ম্যাচে তারা ফকিরেরপুলকে হারায় ২-০ ব্যবধানে। সেই ম্যাচের এক মাসের বেশি সময় পর মাঠে নেমে জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে লিগের তৃতীয় রাউন্ড। সাত পয়েন্ট করে নিয়ে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ আছে শীর্ষে। দুই জয়ে ব্রাদার্স ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে। পুলিশের সংগ্রহ পাঁচ। ফর্টিস, পিডব্লিউডি ও বর্তমানের চ্যাম্পিয়ন মোহামেডানের সংগ্রহ সমান চার। আর এক করে আছে গতবারের রানার্স-আপ আবাহনী, আরামবাগ ও ফকিরেরপুলের। ২৮ নভেম্বর শুরু হবে বাংলাদেশ ফুটবল লিগের চতুর্থ রাউন্ডের খেলা।
