বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ এখন গণতন্ত্র উত্তরণের পথে এগোচ্ছে। দেশে নির্বাচনের একটি আবহাওয়া শুরু হয়েছে। আমরা আশা করি, কোনো ধরনের ঝামেলা ছাড়াই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে।’
গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
বিভিন্ন আসনে বিএনপি মনোনীত সদস্যদের প্রত্যাহারকে কেন্দ্র করে আন্দোলনের ঘটনা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি স্রোতস্বিনী নদীর মতো। প্রতিটি আসনেই চার থেকে পাঁচজন করে প্রার্থী রয়েছে। সবাই আশা করতেই পারে। এসব ঘটনা স্বাভাবিক। এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি বড় দল। বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।’
চট্টগ্রাম পোর্ট বেসরকারিভাবে হস্তান্তর বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার ভালো মনে করেছে, তাই দিয়েছে। আমরা ক্ষমতায় গেলে দেশের জন্য যা ভালো মনে হবে, তাই করা হবে।’
নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ফখরুল বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা মনে করি, যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোনো পরিস্থিত নেই, যেখানে নির্বাচন ব্যাহত হবে।’ এ সময় জেলা আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
