হাসিনার প্রত্যর্পণের চিঠি পরীক্ষা করছে ভারত

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৩ এএম

মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য মৃত্যুদন্ডে দন্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া কূটনৈতিক পত্র ভারত পরীক্ষা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘চলমান বিচারিক ও (বাংলাদেশের) অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে করা অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে।’

মুখপাত্র বলেন, ভারত শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাসহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে ভারত অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে‘পদত্যাগ করে’ শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ভারতের দিল্লি চলে যান। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন।

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলন দমনের সময় সংঘটিত হত্যাকা- ও গুরুতর মানবতাবিরোধী অপরাধ সংঘটনে জড়িত থাকার অভিযোগে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত এ দুজনকে মৃত্যুদন্ড দেয়। এরপর সরকার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে গত ২১ নভেম্বর ভারত সরকারকে কূটনৈতিক পত্র দেয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল দুপুরে জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিতে পাঠানো চিঠির জবাব এখনো আসেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এত তাড়াতাড়ি ভারতের কাছ থেকে চিঠিটির উত্তর আসবে, এটা সরকার আশাও করে না।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ এর আগেও দুবার ভারতকে কূটনৈতিক পত্র দেয়। ভারত পত্রগুলোর জবাব দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত