অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে হংকংয়ে ৩ দিনের শোক

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলায় একটি আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকে স্তব্ধ হংকং। প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হয়েছেন। ঘটনার কয়েক দিন পরেও ২০০ জন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। নিহতদের স্মরণে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে হংকংয়ে। গতকাল শনিবার সকালে সরকারি দপ্তর প্রাঙ্গণে হংকংয়ের নেতা জন লি ও অন্য শীর্ষ কর্মকর্তাদের তিন মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এর সূচনা হয়। এ সময় চীন এবং হংকংয়ের পতাকা অর্ধনমিত থাকবে। শহরটির ১৮টি জায়গায় শোকবই খোলা হয়েছে, যেন সাধারণ জনগণ তাদের শোকের কথা জানাতে পারে।

গত বুধবার আবাসিক এলাকা ওয়াং ফুক কোর্টের ৭টি বহুতল ভবনে অগ্নিকাণ্ড শুরু হয়, যা হংকংয়ের প্রায় ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। আগুন নিয়ন্ত্রণে আনতে দুই সহস্রাধিক দমকলকর্মী প্রায় দুদিন ধরে চেষ্টা করেন। ২০২১ সালের সরকারি জনমারি অনুযায়ী, ১৯৮৩ সালে নির্মিত ওয়াং ফুক কোর্টে ১ হাজার ৯৮৪টি অ্যাপার্টমেন্ট ছিল, যেখানে প্রায় চার হাজার ৬০০ মানুষ বাস করতেন। অগ্নিকাণ্ডের পর হংকংয়ের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অকেজো অগ্নিসংকেত যন্ত্র এবং ওয়াং ফুক কোর্টে পুনর্নির্মাণ কাজে অবহেলা এই বিপর্যয়ের অন্যতম কারণ। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নির্ণয় করা যায়নি। কর্র্তৃপক্ষ বলেছে, জানালার বাইরে লাগানো পলিস্টাইরিন ও সুরক্ষা জালের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। ব্লকগুলো বাঁশের স্ক্যাফোল্ডিং দিয়ে ঘেরা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে, আবাসিক কমপ্লেক্সটির সংস্কার কাজের সঙ্গে সংশ্লিষ্ট আরও ৮ জনকে আটকের কথাও জানিয়েছে। এ নিয়ে মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। সংস্কার প্রকল্পে দুর্নীতি ও অবহেলা এবং ফলশ্রুতিতে ব্যাপক প্রাণহানির কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন (আইসিএসি) জানায়, দুর্নীতির অভিযোগে গত শুক্রবার গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি প্রকৌশল প্রতিষ্ঠানের পরিচালক এবং স্ক্যাফোল্ডিংয়ের সাব-কন্ট্রাক্টররা আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত