নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অভিযানে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
শনিবার (২৯ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নলুয়াপাড়া বিওপি'র ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৬০/৭-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নে গোপালপুরে মাদক বিরোধী অভিযান চালায়। এই সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ আইকনিক হোয়াইট ২৪ বোতল, রয়্যাল স্ট্যাগ ২২ বোতল, ব্লেন্ডারস প্রাইড ১২ বোতল এবং সিগনেচার ১২ বোতল সহ সর্বমোট ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।
