কানে স্পাই ডিভাইস দিয়ে পরীক্ষা দেওয়ায় আটক ৪

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:০৫ এএম

রংপুরে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় কানে ইলেকট্রনিক স্পাই ডিভাইস ব্যবহার করে নকলের সময় হাতেনাতে আটক করা হয়েছে দুই পরীক্ষার্থীকে। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে রংপুরের হারাগাছ থানা এলাকার দুটি ভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন ইদ্রিস আলী আকন্দ এবং সাজ্জাদুল ইসলাম। 

অন্যদিকে দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য পরিদর্শক পদে প্রক্সি পরীক্ষা দিতে আসা শিরিন আক্তার ও মিফতাহুল জান্নাত নামে দুই শিক্ষার্থীকে ডিভাইসসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল সকালে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণকেন্দ্র ও সদর উপজেলার পরাজপুর ফাসিলাডাঙ্গা হাই স্কুলকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। মিফতাহুল রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোটরসুলপুর গ্রামের রেজাউল করীমের ছেলে ও রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি দিনাজপুরের ওমর ফারুক নামের একজনের হয়ে (প্রক্সি) পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত