ফরিদপুরে শিক্ষাব্যবস্থার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সদর উপজেলা পরিষদে মিলনায়তনে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি এ সময় বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া স্বল্প সময়ের মধ্যে যতটুকু শিক্ষাব্যবস্থা উন্নয়ন করা দরকার সেটুকু করা হয়েছে। আমি চাই, শিক্ষকদের পাশাপাশি ছাত্র এবং ছাত্রীদের মাঝেও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে। তবেই এদেশে একটা সুন্দর শিক্ষাব্যবস্থা গড়ে ওঠবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। তিনি তার বক্তব্যে বলেন, আমি অনেক সভা, সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে দেখি সভা, সেমিনার থেকে আস্তে আস্তে অডিয়েন্স চলে যায়। তবে ফরিদপুরে এসে দেখলাম এই সেমিনারে একজন শিক্ষকও চলে যায়নি। এর মানে বৃহত্তর ফরিদপুরের শিক্ষক সমাজ অনেক ভালো। আমি চাইব আগামী দিনে এই শিক্ষক সমাজ দুর্নীতির বিরুদ্ধে শিক্ষাদানে ছাত্র-ছাত্রীদের প্রতি মনোযোগী হবে। আর এভাবেই আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে।
ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি) প্রফেসর বি এম আব্দুল হান্নান, মাউশি ঢাকা অঞ্চলের পরিচালক ফকির মইনুদ্দিন।
ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, সাংবাদিক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তার, অধ্যাপক রিজভী জামান, অধ্যাপক কাকলি মুখোপাধ্যায়, বৃহত্তর ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম অহিদ , সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ। ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে এবং ফরিদপুর জেলা প্রশাসন ও বৃহত্তর ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদ- এর সহযোগিতায় ফরিদপুর, রাজবাড়ী মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনারে ৫ জেলার পাঁচ শতাধিক শিক্ষক এ সেমিনারে অংশগ্রহণ করে ।
