ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প-২ (এসএমইডিপি-২)-এর আওতায় পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশীদারত্বমূলক চুক্তি স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির মাধ্যমে সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী সুদে ঋণ সুবিধা সম্প্রসারণ ও এসএমই খাতের সার্বিক প্রবৃদ্ধি দ্রুত হবে বলে জানিয়েছে ব্যাংকটি।
গতকাল রবিবার কমিউনিটি ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও চুক্তিপত্র বিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইডিপি-২) মুনিরা ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।
কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সহায়তায় পরিচালিত বাংলাদেশ ব্যাংকের এই ফ্ল্যাগশিপ প্রকল্পটি এসএমই খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম আবদুল হাকিম, অতিরিক্ত পরিচালক (এসএমইডিপি-২) মো. তরিকুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস মো. আরিফুল ইসলামসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
