নগরীর ১০৩ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে কমিটি গঠন করলো চসিক

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পিএম

চট্টগ্রাম মহানগরীর ১০৩ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ নিয়ে একটি কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। পাঁচ সদস্যের এই কমিটি এসব ভবন কিভাবে অপসারণ করবে সেবিষয়ে কর্ম পরিকল্পনা চূড়ান্ত করবে। এছাড়া ভূমিকম্পে কিভাবে নগরবাসীর ঝুঁকি কমিয়ে আনা যায় সেবিষয়েও তাদের সুপারিশ দেবে। সোমবার (১ ডিসেম্বর) চসিক কার্যালয়ে অুষ্ঠিত ‘চট্টগ্রাম শহরে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমানো’ শীর্ষক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও সচিব আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমিকম্পে ভবনের নিরাপত্তা, ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি ব্যবস্থাপনা, নগরবাসীর সচেতনতা বৃদ্ধি এবং জরুরি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। 

সভাপতির বক্তব্যে আশরাফুল আমিন বলেন,  ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়। তবে, যথাযথ প্রস্তুতি থাকলে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, নতুন ঝুঁকি শনাক্তকরণ এবং নগরবাসীকে সচেতন করতে চসিক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের জীবন-নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। চসিক  জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আরও বৃদ্ধি করছে।

সভায় তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক চিহ্নিত নগরের ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণ এবং অতিরিক্ত আরও ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তকরণের লক্ষ্যে চসিকের আইন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করে দেন। কমিটিতে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব এবং সংশ্লিষ্ট  আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সদস্য করা হয়েছে। কমিটি চিহ্নিত ১০৩টি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় ভূমিকম্প সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলা হয়, জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়। এ লক্ষ্যে চসিক  গণবিজ্ঞপ্তি প্রকাশ, ওয়ার্ডভিত্তিক মাইকিং, লিফলেট ও প্রচারপত্র বিতরণ, প্রতিষ্ঠান ও কমিউনিটিতে সচেতনতামূলক সভা, স্বেচ্ছাসেবক  দল প্রস্তুুতকরণসহ একাধিক কার্যক্রম হাতে নেওয়ার  সিদ্ধান্ত হয় সভায়। সভায় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান,  আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলমসহ চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত