পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বর্তমান অবস্থা ও অবস্থান নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। এই প্রশ্নকে সামনে রেখে ‘#Where_is_ImranKhan’ হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৈশ্বিক ট্রেন্ডের শীর্ষে উঠে এসেছে।
প্ল্যাটফর্মটির তথ্যমতে, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) মাত্র ২৪ ঘণ্টায় এই হ্যাশট্যাগ ব্যবহার করে তৈরি হয়েছে ২৩ লাখের বেশি টুইট। এর আগের দিন এটি ১ লাখ ১৫ হাজার পোস্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল এবং দ্রুত শীর্ষস্থান দখল করে। পুরো দিন ধরে এটি সর্বাধিক আলোচিত বিষয়ের তালিকায় ছিল।
২০২৩ সাল থেকে কারাবন্দী ইমরান খানের স্বাস্থ্য ও আইনি প্রক্রিয়া নিয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছ কোনো তথ্য দেওয়া হচ্ছে না বলে সমালোচনা করছেন তাঁর সমর্থক ও মানবাধিকার সংগঠনগুলো। হ্যাশট্যাগের মাধ্যমে তাঁরা কর্তৃপক্ষের কাছে ইমরানের সুস্থতার প্রমাণ, জবাবদিহি ও স্বচ্ছতা দাবি করছেন।
এদিকে, এক্সে ছড়িয়ে পড়া একটি গুজব নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ‘আফগান টাইমস’ হ্যান্ডেল দাবি করে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে নির্যাতনের কারণে ইমরান খানের মৃত্যু হয়েছে। তবে এই দাবির সপক্ষে কোনো স্বাধীন তথ্য বা প্রমাণ মেলেনি।
ইমরান খানের তিন বোন নোরিন, আলিমা ও উজমা অভিযোগ করেছেন, ৭২ বছর বয়সী তাদের ভাই দীর্ঘদিন ধরে জেলে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টুইটের এই ব্যাপকতা দেশ-বিদেশের মানুষের সমন্বিত ডিজিটাল উদ্বেগেরই প্রতিফলন। পাকিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা সীমিত ও ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমে প্রবেশাধিকার কম থাকায়, রাজনৈতিক বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে এক্স হয়ে উঠেছে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম।
