জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত, মুমূর্ষু অবস্থায় ভাতিজি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ এএম

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত এবং ভাতিজি গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে ফুফু ও ভাতিজির মাথায় আঘাত করে গুরুতর জখম করে। ফুফু নুরনাহার বেগমকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ভাতিজি খাতিজা পাখিকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত নুরনাহার (৫০) সদর উপজেলার চিরলা গ্রামের আব্দুল গফুর সরদারের স্বামী পরিত্যক্তা। আহত খাতিজা পাখি (১৭) আব্দুল মতিনের মেয়ে ও স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হামলার সময় ফুফু ও ভাতিজি একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। কারা বা কেন এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, হামলাকারীদের শনাক্তে জোরদার তদন্ত চলছে এবং দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত