ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-২০২৫

সেরা দশে বাংলাদেশের ৩ দলের উজ্জ্বল সাফল্য

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈশ্বিক রোবটিকস প্রতিযোগিতা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) ২০২৫–এ বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের মধ্য থেকে সেরা দশে জায়গা করে নিয়েছে দেশের তিনটি দল, যা দেশের তরুণ উদ্ভাবকদের ক্রমবর্ধমান দক্ষতার বড় প্রমাণ।

মেরিনা বে স্যান্ডস এক্সপোতে ২৬–২৮ নভেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু নাফিস মোহাম্মদ নূর–এর নেতৃত্বে টিম লেজি গো ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ষষ্ঠ স্থান অর্জন করে। একই আসরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রা–র নেতৃত্বাধীন সাইবার স্কোয়াড ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জুনিয়র গ্রুপে নবম স্থান পেয়ে রৌপ্য পদক জিতে নেয়। পাশাপাশি মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী ফাতিন আল হাবিবের নেতৃত্বে সোরাল্যাবস একই ক্যাটাগরির সিনিয়র গ্রুপে নবম হয়ে রৌপ্য পদক অর্জন করে।

বাংলাদেশ থেকে মোট নয়টি দল এবার ডব্লিউআরও–তে অংশ নেয়। সেরা দশের বাইরেও বেশ কয়েকটি দল বিভিন্ন ক্যাটাগরিতে পদক জিতেছে। ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে টিম ইনক্রেভো সিলভার পদক অর্জন করেছে। রোবোমিশন ক্যাটাগরির এলিমেন্টারি, জুনিয়র ও সিনিয়র তিন গ্রুপেই পাওয়া গেছে সাফল্য—টিম ডমিনাস, টিম নেক্সোরা এবং টিম এক্স-ফ্যানাটিক প্রত্যেকেই ব্রোঞ্জ পদক জিতেছে। ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে টিম ইকো ড্রিফট ২৯তম হয়।

রোবোস্পোর্টস ক্যাটাগরিতেও বাংলাদেশের উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখা যায়, যেখানে ফিউশনবোটিক্স ৫৬ দলের মধ্যে গ্রুপ পর্বে চতুর্থ স্থান দখল করে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর সদস্যরা এসেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে। টিম লেজিগো–র সদস্যরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং বিইউপি থেকে প্রতিনিধিত্ব করেন। ইকো ড্রিফট দলে ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

সাইবার স্কোয়াড, ইনক্রেভো, সোরাল্যাবস, নেক্সোরা, ডমিনাস এবং ফিউশনবোটিক্স—প্রতিটি দলের সদস্যই নিজ নিজ প্রতিষ্ঠানে রোবটিকস শিক্ষার সঙ্গে জড়িত তরুণ উদ্ভাবক।

বাংলাদেশের দল নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল ২৫ সেপ্টেম্বর, ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত জাতীয় পর্ব দিয়ে। জাতীয় প্রতিযোগিতার পর প্রায় এক মাস আন্তর্জাতিক নির্বাচন ক্যাম্প পরিচালনা করা হয়, যেখানে দক্ষতা ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় গঠিত হয় চূড়ান্ত দল।

ডব্লিউআরও ২০২৫–এ বাংলাদেশের অংশগ্রহণ ও অর্জন তরুণ প্রযুক্তিপ্রেমীদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত খুলে দিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক সাফল্য দেখিয়ে দেশটির রোবটিকস সম্প্রদায় এখন বিশ্ব পর্যায়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত