বিমানবন্দরে গিয়ে জানলেন প্রতারিত হয়েছেন তারা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম

ইতালিতে পাড়ি জমিয়ে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন ফরিদপুরের যুবক সাইফুল মিয়া (২১)। সেই স্বপ্নকে কেন্দ্র করে আরও বড় স্বপ্ন বুনেছিলেন তার বাবা বিল্লাল মিয়া (৬৩)। কিন্তু চলতি বছরের ২২ এপ্রিল সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে সেই স্বপ্ন দুজনারই ভেঙে চুরমার হয়ে যায়।

বিমানবন্দরের ইমিগ্রেশনে জানা যায়, সাইফুলের ইতালি যাওয়ার ভিসা জাল। অথচ এর পেছনে ইতিমধ্যে বাবা-ছেলে খরচ করেছেন ৭ লাখ টাকার বেশি।

এ ঘটনায় করা মামলার আসামি মাহবুবুর রহমানকে (৩০) গতকাল বুধবার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

সিআইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ফরিদপুরের বাসিন্দা সাইফুল মিয়াকে ইতালি পাঠানোর প্রলোভন দেখায় প্রতারক চক্রটি। সাইফুলের বাবা বিল্লাল মিয়ার অভিযোগ, ইতালি যাওয়ার খরচ ধরা হয় ২০ লাখ টাকা। এর মধ্যে গত ৬ মার্চ ৫ লাখ টাকা নগদ এবং ২ হাজার ১০০ ইউরো চক্রের সদস্যদের হাতে দেন তারা। পরে সাইফুলের নামে ‘ইস্যু করা’ ইতালির ভিসা তাদের হাতে তুলে দেয় চক্রটি। বলা হয়, বাকি টাকা ইতালিতে পৌঁছানোর পর দিলেই হবে। ফলে গত ২২ এপ্রিল সাইফুল সেই ভিসা ও টিকিট নিয়ে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, ভিসাটি জাল। সঙ্গে সঙ্গে প্রতারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সব মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। পরে টাকা ফেরত চাইতেই সাইফুল ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয় চক্রের সদস্যরা।

ঘটনার পর গত ২ জুলাই বিল্লাল মিয়া পল্টন থানায় বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার মাহবুবুর রহমানকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর চক্রের প্রধান আসামি জোসনা খাতুন এবং সহযোগী মিলন মিয়াকে গ্রেপ্তার করে সিআইডি। এই প্রতারক চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত