টেকনাফে কিশোর অপহরণে আতঙ্কে জনপদ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাতচক্রের ভয়াবহ তৎপরতা দেখা দিয়েছে। রবিবার (৩০ নভেম্বর)  সন্ধ্যায় এক মুদি দোকান থেকে পাঁচ কিশোরকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। 

অপহৃতদের একজনের বাবা অছিউর রহমান বিবিসি বাংলাকে বলেন, 'ছেলেটা আমার নিরীহ। সেই ছেলেকেই ওরা ধরে নিয়ে গেল।' তার ১৭ বছর বয়সী ছেলে মামুন সেদিন বন্ধুদের সঙ্গে স্থানীয় দোকানে আড্ডা দিচ্ছিল। স্থানীয় সূত্র জানায়, হঠাৎই পাহাড়ি জঙ্গল দিক থেকে মুখোশধারী ৮-১০ জন অস্ত্রধারী দোকানটি ঘিরে ফেলে। দোকান লুটের পর পাঁচ কিশোরকে জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।

অপহৃতদের মধ্যে একজন কোনওভাবে পালিয়ে আসে, তবে এখনও নিখোঁজ চার কিশোরের কোনও সন্ধান মেলেনি। পরিবারগুলো শোকে কষ্টে আকুল। মামুনের বাবা জানান, 'ছেলের চিন্তায় স্ত্রী খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছে। সারাক্ষণ কান্না করছে।' একই অবস্থায় দিন কাটছে অন্য তিন কিশোরের পরিবারেও।

এলাকাবাসী বলছেন, বাহারছড়ায় অপহরণ এখন নিত্যদিনের ঘটনা। স্থানীয় রিয়াজুল হাসান খোকন জানান, গত ছয় মাসেই অন্তত ত্রিশজন শিশু-কিশোর অপহরণের শিকার হয়েছে এবং প্রতিবারই বড় অঙ্কের মুক্তিপণ দিতে হয়েছে পরিবারগুলোকে।

এ ঘটনায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ায় বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে শামলাপুর এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয়রা। তাদের দাবি, পাহাড়ে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান ও অপহরণকারীদের দ্রুত গ্রেপ্তার।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, '৫০ হাজার মানুষের এই এলাকায় অপহরণকারী সর্বোচ্চ একশ জনের মতো। এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে তারা এমন কিছুই করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালালে আমরা পূর্ণ সহযোগিতা করব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত