প্রবাসীর ছেলের ‘ডাকাতির নাটক’, ৩ কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দিন-দুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য প্রবাসীর ছেলে তার দুই বন্ধু মিলে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতির নাটক সাজায়। গত শুক্রবার রাতে তাদের তিনজনকে গ্রেপ্তারের পর এ চাঞ্চল্য তথ্য উদঘাটন করেছে পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতি হওয়া টাকা ও স্বর্ণালংকার।

গ্রেপ্তারকৃতরা হলো আব্দুর রশিদের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিন-দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে তার ছেলে শাহরিয়ারের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসী আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা করেন।

এদিকে, শুক্রবার রাতে প্রবাসীর ছেলে শাহরিয়ার বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে চাপ দেয়। এ সময় শাহ আলম টাকার উৎস জানায়। পরে স্থানীয়রা জানতে পেরে শাহরিয়া, নাবিল ও শাহ আলমকে আটক করে ধোলাই দিলে তারা ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নতুন মোবাইল কেনা ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দিন-দুপুরে বাড়িতে ডাকাতির নাটক সাজায় বলে তারা স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত