ক্যারিয়ারের গোধূলিতে এসে দুর্দান্ত পারফর্ম করেই যাচ্ছেন রোহিত শর্মা। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান হলেন চতুর্থ ভারতীয় হিসেবে ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হয়েছেন। এজন্য তার প্রয়োজন ছিল ২৭ রান।
সিরিজ জয়ের ম্যাচটিতে রোহিত খেলেছেন ৭৩ বলে ৭ চার ৩ ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস। ২৭১ রান তাড়ায় কেশব মহারাজের বলে আউট হওয়ার আগে যশস্বী জয়সওয়ালের সঙ্গে গড়েন ১৫৫ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি। সেঞ্চুরি মিস করলেও রেকর্ড মিস করেননি। ভারতের হয়ে তার আগে ২০ হাজারী ক্লাবে প্রবেশ করেছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়।
রোহিতের মোট রানগুলোর বড় অংশই এসেছে সাদা বলের ক্রিকেটে। ওয়ানডেতে তার রান ১১ হাজারেরও বেশি এবং টি-টোয়েন্টিতে ভারতের সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ২৩১ রান তার ঝুলিতে। অথচ, ২০০৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর প্রথম কয়েক বছর রোহিত ছিলেন অনিয়মিত ও মধ্যক্রমের ব্যাটার। একসময় তার ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠেছিল। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনি তাকে ওপেনার বানিয়ে দিতেই পরিস্থিতি বদলে যায়।
সেই বছর থেকেই শুরু হয় রোহিতের উত্থানপর্ব। রোহিত হলেন একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ানডেতে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। আর ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তার ২৬৪ রানের অপরাজিত দ্বৈত সেঞ্চুরি আজও পুরুষদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন রোহিত। ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ভারতকে ফাইনালে তোলেন, যদিও শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। এরপর অবশ্য অধিনায়ক হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন।
দলের পরাজয়েও মোস্তাফিজের দুর্দান্ত বোলিং
২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, দেখে নিন কখন আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ
অপেক্ষার অবসান: মেসির জাদুতে প্রথমবার এমএলএস কাপ জয় মায়ামির