গুমের মামলা

শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি ৯ ডিসেম্বর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রবিবার (৭ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুম-নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য করেছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামিদের নামে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আগামী ৯ ডিসেম্বর (মঙ্গলবার) তারিখ নির্ধারণ করা হয়েছে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল নতুন এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় ডিজিএফআইয়ের সাবেক ৪ মহাপরিচালক ও গ্রেপ্তার তিন সেনা সদস্যসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। গ্রেপ্তার সেনা সদস্যরা হলেন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদেরকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি করেন। 

পলাতক অন্য আসামিরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব) মো. সাইফুল আলম, সাবেক ডিজি লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল (অব) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল কবির আহাম্মদ ও লে. কর্নেল (অব) মখসুরুল হক।

এর আগে ২৩শে নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। পলাতকদের পক্ষে ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ দেন। শেখ হাসিনার পক্ষে স্বেচ্ছায় লড়ার দায়িত্ব নেন জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না, কিন্তু তিনি ৩ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে তা প্রত্যাহার করলে মো. আমির হোসেনকে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত