অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রবিবার সাংবাদিক শওকত মাহমুদকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সন্ধ্যার পর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড থেকে এনায়েতকে গ্রেপ্তার করে ডিবি। পরে তার প্রধান সহযোগী গোলাম মোস্তফা আজাদকেও গ্রেপ্তার করা হয়। কয়েক দফা রিমান্ড শেষে গ্রেপ্তার আসামিরা কারাগারে রয়েছে। রিমান্ডে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ডিবি।
আসামিদের বিরুদ্ধে রমনা থানায় হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে আরোহণ করে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে। এ সময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তার কাছ থেকে প্রাপ্ত দুটি আইফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে ভিনদেশি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দাবি করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের গোপন মিশন নিয়ে গত ৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসার কথা স্বীকার করেন।
