বিপিএলে অংশ নিতে ৯ জন পাকিস্তানি ক্রিকেটারকে এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দীর্ঘ অপেক্ষার পর বুধবার বোর্ড নিশ্চিত করেছে, হায়দার আলিও এই তালিকায় রয়েছেন। পিসিবির একটি সূত্রের উল্লেখ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছ, অনুমতি পাওয়া সব খেলোয়াড় ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে খেলতে পারবেন।
৩৫ টি–টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলা হায়দার এবার যোগ দিচ্ছেন নতুন গড়া বিপিএল দল নোয়াখালি এক্সপ্রেসে। সাম্প্রতিক নিলামে ফ্র্যাঞ্চাইজিটি ২০ হাজার মার্কিন ডলারে তাকে দলে ভিড়িয়েছে।
হায়দার ছাড়াও মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফিস, সালমান ইর্শাদ ও এহসানউল্লাহর বিপিএলে খেলতে এনওসি অনুমোদন করেছে পিসিবি।
তবে সবার আবেদন অনুমোদিত হয়নি। উপেক্ষিত ব্যাটার উমর আকমল এনওসি পাননি এবং বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। আকমলের দাবি, বোর্ড এনওসি না দেওয়ায় তিনি বেশ কয়েকটি লাভজনক বিদেশি লিগের চুক্তি হাতছাড়া করেছেন। এ কারণে তিনি এখন পিসিবির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইছেন।
আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস।
পরদিন দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের।
প্রথম পর্বে সিলেটে ছয় দিনে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ, যার মাঝে দুই দিন করে বিরতি থাকবে। এরপর দ্বিতীয় পর্ব ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। তিনদিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্বের খেলা।
সালাহ-স্লট দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার