সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ৩ দিন ধরে নিখোঁজ যুবক ইমন আহমদের (২২) হাত-পা ও মুখ বাধা লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার উপজেলার শেওলা শালেস্বর গ্রামের একটি মৎস্য আড়তের পাশে তার লাশ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইমন আহমদের আইফোন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে।
নিহত ইমন বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের খাশিরনগর গ্রামের মতলিব মিয়ার ছেলে। ইমন হত্যায় জড়িত অভিযোগে আটক করা হয়েছে একই গ্রামের আবদুল করিমের ছেলে আশরাফুল ইসলামকে (২৩)।
পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, ইমন আহমদ একটি আইফোন ব্যবহার করে কনটেন্ট তৈরি করতেন। এলাকায় তিনি বেশ জনপ্রিয়।
তবে তার আইফোনের প্রতি নজর পড়েছিল আশরাফুলের। আর আইফোন ছিনিয়ে নিতেই আশরাফুল ও তার সঙ্গীরা ইমনকে খুন করেছে বলে পুলিশের ধারণা।
বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক জানান, গত ৭ ডিসেম্বর থেকে ইমন নিখোঁজ ছিলেন। তার পরদিন ইমনের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। তারপর থেকে পুলিশ কাজ করছিল তাকে উদ্ধারে। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
