রাজশাহীর শিশু সাজিদকে বাঁচানো গেলো না

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

প্রায় ৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া দুই বছরের শিশু সাজিদকে মৃত ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৯টার পরই তাকে তানোর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাত সোয়া ১০টার দিকে সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা বাচ্চাটিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। এরপরই তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশু সাজিদ তার মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢাকা ছিল। 

সাজিদের মা জানতেন না যে খড়ের নিচেই রয়েছে একটি অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার সময় হঠাৎ সাজিদ গর্তে পড়ে যায়। 

পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে মা ফিরে দেখেন সাজিদ নেই। খড় সরাতেই বেরিয়ে আসে মৃত্যুকূপ।

ঘটনাস্থলে ভিড় করেন হাজারো উৎসুক জনতা। গর্তের পাশেই নির্ঘুম রাত কাটান সাজিদের মা। সন্তানকে ফিরে পাওয়ার আশায় বিরামহীন কান্না ও দোয়া চলতে থাকে। 

দুর্ঘটনার পরপর শিশুটির সাড়া-শব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যায়; যা উদ্ধারকর্মীদের শঙ্কিত করে তোলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৫০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত