যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিবসের সূচনা হয়।
পরে পতাকা উত্তোলন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি অন্যতম স্মরণীয় দিন। স্বাধীনতা বিজয়ের সূর্যোদয়ের লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসররা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজকে আমরা এই দিনে তাদেরকে স্মরণ করছি।
এরপর একে একে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে ১৩ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ স্মরণে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর কর্মসূচি ঘোষণা রাকসুর