যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এলাকায় এল মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজের ছেলে আরাফাত (২৩)। আহত যুবক একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে সজীব (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১২টা ২০ মিনিটে আরাফাত ও সজীব একটি জিক্সার মোটরসাইকেলে করে মনিহার এলাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বকচর বিহারী কলোনির সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীব বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

যশোর কোতওয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান জানান, যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন। লাশ যশোর জেনারেল হাসপাতালে রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত