জামায়াতের আইনজীবীদের কবল থেকে সাবেক ওসিকে উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪২ পিএম

আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা থানায় কর্মরত পুলিশের সাবেক একজন ওসিকে আটকে মব জাস্টিসের চেষ্টা করেছিলেন জামায়াতে ইসলামীর আইনজীবীরা। ওই সময়ে বিএনপির নেতা ও আইনজীবীরা এসে তাকে উদ্ধার করেন। গতকাল রবিবার দুপুরে জেলা আদালতপাড়ায় ওই ঘটনা ঘটে। ওই সময়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক তর্ক-বিতর্ক হয়।

মহানগর শিবিরের সাবেক সভাপতি এবং শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, ২০১৩ সালে ছাত্রশিবির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তৎকালীন ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের ও ডিবি হারুন কর্তৃক গ্রেপ্তার, নির্যাতন এবং প্রায় তিন দিন তাকে গুম করে রাখা হয়। ওই সময় তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। এজন্য তাকে জেলা প্রশাসক কার্যালয়ের কাছে পেয়ে আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এসে মঞ্জুর কাদেরকে উদ্ধার করে একটি গাড়িতে উঠিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন। সাখাওয়াত হোসেন খান জানান, সাবেক ওসি মঞ্জুর কাদের বর্তমানে অবসরে আছেন। তিনি কোনো কাজে জেলা প্রশাসক কার্যালয়ে এসেছিলেন। এর মধ্যে কিছু লোক তাকে পেয়ে মব জাস্টিস করার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে আমরা আইনজীবীরা সেখানে গিয়ে প্রতিবাদ করি এবং মঞ্জুর কাদেরকে তাদের কাছ থেকে উদ্ধার করে নিরাপদে ছেড়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মব জাস্টিস করা যাবে না। সাবেক ওসি মঞ্জুর কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত