দেশ ও বিএনপি নিয়ে স্বাধীনতা বিরোধীরা গভীর ষড়যন্ত্র করছে। এই সময়ে মনোনয়নে যোগ্য নেতৃত্বের মূল্যায়ন না হলে ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পাবনা ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টু।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী রেল স্টেশন এলাকায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে এ কথা জানান তিনি।
তিনি জানান, স্বাধীনতাযুদ্ধে পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশ ও বিএনপি নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে রয়েছে। বিএনপিকে ধ্বংস করতে নীলনকশা আঁকছেন। একইভাবে ফ্যাসিবাদী শক্তিও ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এই সময়ে মনোনয়নে যোগ্য নেতৃত্বের মূল্যায়ন নাহলে ভয়ংকর পরিণতি অপেক্ষা করেছে।
পাবনা- ৪ আসনে মনোনয়ন অসন্তোষ নিয়ে তিনি বলেন, এই আসনে যাকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে তারা পূর্বের আন্দোলন সংগ্রামে মাঠে ছিলও না। ত্যাগ ও গ্রহণযোগ্যতা নেই। অথচ তারা শুধু চেয়ার চান। কিন্তু আমরা সেটি হতে দেবো না। অধিকার না দিলে আদায় করে নেয়া হবে। প্রয়োজনে বিদ্রোহ ঘোষণা করব।
ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম ফজলুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা ও বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ খান।
বিজয় দিবসে আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সবাই ফরিয়াদ করছি জানিয়ে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন মালিথা বলেন, এই আসনে তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া পাওয়ার প্রতিফলন না হওয়ায় আমরা হতাশ হয়েছি। এক্ষেত্রে দলীয় হাইকমান্ডকে পুনর্বিবেচনার আহবায়ক জানান তিনি।
