মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় চলমান ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শিবালয় থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য আব্দুল সালাম (৪০), উলাইল ইউনিয়ন আওয়ামীলীগের ১ নম্বর ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম (৪৬) এবং আরুয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক পার্থ চন্দ্র শীল (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন ও চিহ্নিত ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অপারেশনের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আওয়ামীলীগের তিনজন নেতা-কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৫(৩)/২৫ডি ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
