গাজায় আগ্রাসন

যুদ্ধের ময়দান থেকে ফিরে ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ এএম

ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান শুরু করার পর থেকে এ নিয়ে ইসরায়েলি বাহিনীর মোট ৬১ জন সেনাসদস্যের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ–এর এক প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ মারা যাওয়া সেনা ইসরাইলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ‘ট্র্যাকার’ হিসেবে দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল, উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা গুরুতর আহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানায় বাহিনীটি।

এদিকে সেনাসদস্যদের মানসিক চাপ ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগের তথ্যও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। চলতি বছরের ২৮ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের ২৭৯ জন সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই তথ্যে দেখা যায়, প্রতি সাতটি প্রচেষ্টার বিপরীতে একজন সেনার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক এই মৃত্যু ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত