মদের বার বন্ধের দাবি ইমাম খতিব ওলামা পরিষদের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম

মালিবাগের ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বার ও পশ্চিম হাজীপাড়া ডি.আই.টি. রোডের বারে মদ ও মাদকদ্রব্য বিক্রি বন্ধের দাবি জানিয়েছে হাতিরঝিলের ইমাম খতিব ওলামা পরিষদ।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মাদক ও নেশাদ্রব্য ইসলামি শরিয়ত অনুযায়ী হারাম। সামাজিক ও রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও ভয়াবহ ক্ষতিকর। মাদকাসক্তির কারণে সমাজে চুরি, ছিনতাই, ধর্ষণ, হত্যাকান্ডসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, মালিবাগ ক্যান্টন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বার এবং পশ্চিম হাজীপাড়া ডি.আই.টি. রোডের ২৯নং বাড়িতে নাম বিহীন বারে প্রকাশ্যে মদ বিক্রি ও অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে এলাকায় বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হচ্ছে। নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে।

এছাড়া যুবসমাজ সহজেই নেশার দিকে ধাবিত হচ্ছে। মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ের পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আবাসিক এলাকায় মদের বার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের নিরাপত্তা রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এমন প্রত্যাশা তাদের।

সংবাদ সম্মেলনে দাবি জানানো হয় অবিলম্বে প্রতিষ্ঠানগুলোর মদ বিক্রির লাইসেন্স বাতিল করে জনস্বার্থে বার দুটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত