মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জান্নাত হোসেন নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, স্থানীয় শাহীন রাঢ়ীর তিন ছেলে- তারেক (৩২), রিয়াদ (২৭) ও তাজবির (২২)। এর মধ্যে তারেক ও রিয়াদ চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত। প্রায়ই তাদের নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। শনিবার সকালে তারেক ও রিয়াদের মধ্যে ঝগড়া শুরু হলে প্রতিবেশী জান্নাত হোসেনকে ডেকে নিয়ে যান তারেক ও রিয়াদের মা তাসলিমা বেগম। ওই সময় দুই ভাইয়ের হাতেই রামদা ছিল বলে জানান তিনি।
নিহতের মা জাহানারা বেগম বলেন, ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাসলিমা ডেকে নিয়ে যায়। আমি পিছনে পিছনে গেলে দেখি ওরা দা দিয়ে আমার ছেলেকে কোপাচ্ছে। আমার ছেলে শুধু আমার দিকে তাকিয়ে ছিল। আমি এই শোক কীভাবে সহ্য করব?’
নিহতের বড় ভাই রাজু বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে ওদের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলে রেখেছে। আমার ভাইকে যখন কোপানো হচ্ছিল, তখন তারা কাউকে ঘরের ভেতরে ঢুকতে দেয়নি।’
হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, ‘সকাল ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।