সুদানের আবেই এলাকায় গত ১৩ ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী ৬ জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার (২০ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে।
সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মরদেহ গ্রহণকালে চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা এর ফোর্স কমান্ডার এর প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজো অফিসার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন), পরিচালক, ওভারসিজ অপারেশন পরিদপ্তর, সেনা সদর, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ। মরদেহ গ্রহণকালে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং সকল সামরিক ব্যক্তিবর্গ শাহাদাতবরণকারীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করেন।
আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে সামরিক মর্যাদায় তাদের দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ওই সন্ত্রাসী ড্রোন হামলায় ৬ জন শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি ৯ জন শান্তিরক্ষী আহত হন। যাদের মধ্যে ৮ জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩ হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত রয়েছেন।
