রংপুর-৩ সদর আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। গতকাল রবিবার দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ দলের নেতাকর্মীরা।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর-৩ সদর আসনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করল তারা নির্বাচনে অংশ নিচ্ছে। তবে নির্বাচনে সব দলের জন্য মাঠ সমতল রাখার দাবি করে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। কমিশন যেন সব প্রার্থীর প্রতি সমানভাবে আইন প্রয়োগ করে। অনেকে বলেছেন, জাতীয় পার্টির দুর্গে হানা দেওয়া হয়েছে। জাতীয় পার্টির জনপ্রিয়তা হ্রাস না বৃদ্ধি হলো তার প্রমাণ নির্বাচনে দেওয়া হবে। আমরা জনগণের দেওয়া মতমতের সঠিক প্রতিফলন চাই।
তিনি বলেন, ৩০০ আসনে এখনো ভাইটাল প্রার্থী নির্বাচিত হয়নি। সময়ের আগেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দক্ষ, জনপ্রিয়, যারা বিজয়ী হতে পারবেন কিংবা সম্মানজনক ভোট পাবেন এমন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। আমাদের প্রার্থী ৩০০, আড়াইশ কিংবা ২০০ হতে পারে। আমরা মনে করি, দল সঠিক প্রার্থীকে মনোনয়ন দিলে নির্বাচনে জাতীয় পার্টি ভালো ফলাফল করবে। তিনি আরও বলেন, ট্যাগের রাজনীতির কারণে ৫৪ বছরে দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, বিচার বিভাগ কাজ করতে পারছে না। দেশে মবের সংস্কৃতি চালু হয়েছে। ২০০ জনকে নিয়ে মব তৈরি করে যা খুশি তাই করা যাচ্ছে। স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত অনেক সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক। এখান থেকে দেশকে ঘুরে দাঁড়াতে আরও ২০ বছর সময় লাগবে।
অন্যদিকে, রংপুর-৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী, মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল রবিবার বিকেলে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির রংপুর-৩ সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাডভোকেট শাফি কামাল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সিসহ অন্যরা।
মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল বলেন, রংপুর-৩ আসনের ভোটারদের আবেগকে কাজে লাগিয়ে এ আসন থেকে জাতীয় পার্টি বারবার বিজয়ী হয়েছে। এরপর তারা ক্ষমতায় গিয়ে সদরবাসীর কোনো উন্নয়ন করেনি। গণঅভ্যুত্থান-পরবর্তী জনগণ পুরনো আবেগ ভুলে তারা স্থানীয়, সৎ, যোগ্য ব্যক্তি হিসেবে বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামুকে সংসদে পাঠাতে চান। বর্তমানে সদর আসনের চারদিকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। সবাই জানে আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং বিএনপির প্রতীকে ভোট দিলে সদরবাসীর কাক্সিক্ষত উন্নয়ন হবে।
