আড়াইহাজারে যুবদল নেতা আব্দুল বাতেন হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবদল নেতা আব্দুল বাতেন হত্যার ঘটনায় এজহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাকির ভূঁইয়া (৩২) ও একই এলাকার লস্কর আলী মিয়ার ছেলে কাজল মিয়া। 

আড়াইহাজার থানার এসআই হাবিবুর রহমান জানান, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিমের ছোট ভাই হাসান মিয়ার সঙ্গে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৮ অক্টোবর সকালে উভয়পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে শাহজাহান মিয়ার ভাই আজিজুল হক ও তার বাবা আব্দুল বাতেন মিয়া গুরুতর জখম হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় আব্দুল বাতেন মিয়া মারা যান। পরে নিহতের ছেলে শাহজাহান মিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত