সিংগাইরে শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ ঘরের ভেতর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাইজুদ্দিন (৫০)। তিনি জামশা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত সামেজুদ্দিনের ছেলে এবং পেশায় মাটি কাটার শ্রমিক ছিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত বের হতে দেখে সন্দেহজনক মনে করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে ফাইজুদ্দিন একাই ওই ঘরে বসবাস করছিলেন। হত্যার খবর পেয়ে সন্ধ্যার দিকে স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, স্ত্রী ও সন্তানদের বিচ্ছেদে ফাইজুদ্দিন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মাটি কাটার সরদার তারেক জানান, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে ঘটনার একদিন আগে ফাইজুদ্দিন উকিল নোটিশ পাঠিয়েছিলেন।

মরদেহের সুরতহালকারী তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম ওয়ান জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দ্রুত ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’ এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত