মক্কায় কাবা শরীফ চত্বরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করে।

সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জানায়, ব্যক্তিটি মসজিদ কমপ্লেক্সের ওপরে ৩ তলা থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীরা দ্রুত এগিয়ে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। এ সময় একজন নিরাপত্তা কর্মকর্তা আহত হন।

মসজিদুল হারামের স্পেশাল সিকিউরিটি ফোর্স জানায়, উভয়কে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। ঘটনার পরপরই মক্কা অঞ্চলের কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে ওই ব্যক্তির পরিচয় বা বর্তমান অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মসজিদুল হারাম সবসময় কড়া নিরাপত্তার আওতায় থাকে। এখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট দায়িত্ব পালন করে, যারা জরুরি পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বদা প্রস্তুত থাকে।

এর আগে, ২০১৭ সালে কাবার কাছে এক সৌদি নাগরিক আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ২০১৮ সালে তিনটি আত্মহত্যা–সংক্রান্ত ঘটনা ঘটেছিল, যেখানে ব্যক্তিরা ওপরের তলা থেকে লাফ দিয়েছিলেন। এছাড়া ২০২৪ সালেও মসজিদুল হারামের ওপরে তলা থেকে একজন পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত