বগুড়ার সোনাতলা উপজেলায় একই ঘর থেকে মা ও কিশোরী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার জোরগাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন— শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও নৈশপ্রহরী কামরুজ্জামানের স্ত্রী চায়না খাতুন (৩২) এবং তার মেয়ে খাদিজা (১৫)। খাদিজা স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোনাতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মো. সদরুল আমীন লিমন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চায়না খাতুন ও তার মেয়ে স্বাভাবিক জীবনযাপন করতেন। এমন ঘটনার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাই।
প্রতিবেশীরাও জানান, নিহতরা শান্ত স্বভাবের ছিলেন এবং পারিবারিক কোনো বিরোধের কথা তারা আগে শোনেননি।
সোনাতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক কলহ, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা— তা খতিয়ে দেখা হচ্ছে।
