গাজীপুরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর লাশ নিয়ে যেতে শ্বশুরকে ফোন দিয়েছেন স্বামী। খবর পেয়ে বাসন থানার পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
গতকল শুক্রবার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার রমিজ আলী ভিলার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মান্তুরা আক্তার সুমা (২৮)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল এলাকার মিরাজুল ইসলামের মেয়ে এবং স্থানীয় ‘ইউরো’ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। অন্যদিকে অভিযুক্ত স্বামী জালাল উদ্দিন দুলু (৩০) রংপুর জেলার বাসিন্দা। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমা গত বৃহস্পতিবার রাত ১০টায় কারখানা থেকে বাসায় ফিরে রান্নাবান্না করেন। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার স্বামী জালাল উদ্দিন দুলু বাসায় ফেরেন।
গতকাল সকাল সাড়ে ৭টার দিকে জালাল উদ্দিন তার শ্বশুরকে মোবাইল ফোনে কল করে জানান যে, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন এবং বাসায় এসে লাশ নিয়ে যেতে বলেন। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
