গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকান্ড

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার ৫টা ২৮ মিনিটে শপিং কমপ্লেক্সটির ৬তলার একটি গোডাউনে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনের খবর পাওয়ার পাঁচ মিনিট পর ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় একে একে ৯টি ইউনিট যোগ দেয়। তাদের প্রচেষ্টায় ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত ও আগুন সম্পূর্ণ নির্বাপণে আসার পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

গতকাল রাত সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখার সময় আগুন নির্বাপণের কাজ চলছিল। এর আগেই পার্শ্ববর্তী ভবনগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ঘটনাস্থলে একটি গুদাম রয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া উৎসুক জনতার ভিড় এবং রাস্তায় তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোর চলাচল ব্যাহত হয়। এবং শুরুতে পানির উৎস পেতে বেগ পেতে হয়েছে।

এদিকে বাণিজ্যিক ভবনটির উপরের তলায় গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় জিরো পয়েন্ট ও গুলিস্তানসংলগ্ন এলাকা। ধোঁয়া ছড়িয়ে পড়লে নিচতলার মার্কেটগুলোতে থাকা ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত