শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে শহরজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাশিয়া রাজধানী লক্ষ্য করে বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, ‘রাজধানীতে বিস্ফোরণ হচ্ছে। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। সবাইকে শেল্টারে থাকার অনুরোধ করা হচ্ছে।’
ইউক্রেনের বিমানবাহিনী পুরো দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের দিকে রুশ ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে।
বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানান, তিনি পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখা গেছে।
এ হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ওই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগের দিন শুক্রবার (২৬ ডিসেম্বর) রাশিয়া অভিযোগ করে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য শান্তি আলোচনা নস্যাৎ করার চেষ্টা করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি ২০ দফা শান্তি চুক্তির খসড়া প্রস্তাব তৈরি করেছেন বলে জানা গেছে। প্রস্তাব অনুযায়ী, উভয় দেশ সম্মত হলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে। এতে রুশ সেনারা বর্তমানে দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থান করবে এবং ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় কিছু এলাকা থেকে পিছু হটবে। ওই এলাকাগুলোতে পরবর্তীতে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের পরিকল্পনার কথাও খসড়ায় উল্লেখ রয়েছে।
সূত্র: এএফপি
