বিশ্বের ছয়টি দেশে আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে যাচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ৪৯ শিক্ষার্থী। গত ২৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এএসভিএম অনুষদের নবম ব্যাচের আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ।
চলতি বছর এ অনুষদের মোট ১০৮ শিক্ষার্থী ইন্টার্নশিপ কার্যক্রমে অংশ নেবে। এর মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সরাসরি বিদেশে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ৪৯ শিক্ষার্থী, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক।
দেশভিত্তিক হিসেবে আন্তর্জাতিক ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নেপাল-থাইল্যান্ডে ১৩ জন করে, মালয়েশিয়ায় ১৭, ভিয়েতনামে ৫ ও জাপানে এক শিক্ষার্থী ইন্টার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবে। বাকিরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় প্রতিষ্ঠানে অংশ নেবে।
এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনুষদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে প্রাণী উৎপাদন ও চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে বিদেশ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে বাংলাদেশের প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
