মানিকগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় মানিকগঞ্জের বরাইদ ইউনিয়নের ছনকা মোল্লা পাড়ায় মরহুম জুরান আলী ও খেতা পাগলার বাৎসরিক ওরস শরীফের মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে তিন হাজারের বেশি নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, ‘আজ আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছি। ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন চিকিৎসক ও শতাধিক জনবল সরাসরি সেবায় যুক্ত ছিলেন।’

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন, ‘বিনামূল্যে চিকিৎসা সেবার এই কার্যক্রম ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।’

ফ্রি মেডিকেল ক্যাম্পে কোনো রোগীর অপারেশন প্রয়োজন হলে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি টেস্টে ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে।

ডা. জুলফিকার আহমেদ আমিন আরও বলেন, মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সাবেক মন্ত্রী ও সাটুরিয়া-মানিকগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুণর রশিত খানের নামে পরিচালিত হচ্ছে। বিশেষ করে শীতে তৃণমূলে থাকা দুস্থ্য নারী, পুরুষ ও শিশুরা যারা শহরে এসে সেবা নিতে পারেন না, তাদের জন্য গ্রাম পর্যায়ে এ ধরনের ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে সাটুরিয়া ও মানিকগঞ্জ সদরসহ একাধিক স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতেও চলবে।

স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় খুশি প্রকাশ করেছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত